
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লক্ষণ হালদারের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি বড় চিতল মাছ। মাছটি ১১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জের পদ্মা নদীর মোহনায় মাছটি জালে ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়ার মাছ বাজারে মাছটি নিয়ে গেলে ব্যবসায়ী মাসুদ মোল্লা প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা দরে মোট ১১ হাজার ৬৫০ টাকায় কিনে নেন।
জেলে লক্ষণ হালদার জানান, রাতে জালে বড় ধরনের ধাক্কা অনুভব করার পর জাল তুলে বিশাল চিতল মাছটি দেখতে পান।
ব্যবসায়ী মাসুদ মোল্লা জানান, পরে তিনি পাবনার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মায় বর্তমানে বড় চিতল মাছ খুব একটা পাওয়া যায় না। তবে মাঝে মধ্যে দু-একটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে।